বিচার না পেয়ে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার হুমকি
বিচার না পেয়ে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার হুমকি
নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের বিচার না পেয়ে ওই কিশোরী আত্মহনণের হুমকি দিচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছে। এদিকে ধর্ষক প্রভাবশালী ব্যক্তির সন্তান হওয়ায় তাদের হুমকির মুখে ধর্ষিতার পরিবার থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছে না বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চক্রপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলীর বিবাহিত বখাটে সন্তান আনিসুর রহমান আনিস (৩৫) বাড়ির পিছনে কাজের সময় তার প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে ধর্ষক পালানোর চেষ্টা করলে অন্যান্য প্রতিবেশিরা তাকে আটক করে।
পরে আপোষ-মীমাংসার কথা বলে গ্রাম্য প্রধানদের মধ্যস্থতায় ধর্ষককে ছেড়ে দেয়া হয়। ধর্ষিতার দরিদ্র পিতা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম খাঁর পরামর্শে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হকের নিকট বিচার প্রার্থণা করেন। এর প্রেক্ষিতে গত রবিবার শালিসের দিন ধার্য করা হয়। কিন্তু অজ্ঞাত কারণ দেখিয়ে ঐ দিনের বিচার কার্যক্রম স্থগিত করেন চেয়ারম্যান সহ অন্যান্য প্রধানরা। এতে ইউপি সদস্য ও গ্রাম্য প্রধান নুরুল ইসলাম খাঁ ধর্ষকের পিতার কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে ধর্ষিতার বাবা অভিযোগ করেন।
ধর্ষিতার বাবা জানান, এ ঘটনায় তারা সমাজে মুখ দেখাতে পারছেন না। তাছাড়া বিচার না পাওয়ায় তার ধর্ষিতা মেয়ে কয়েকদিন ধরে ঘর থেকে বের হচ্ছেনা এবং পরিবারের নিকট আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য ধর্ষকের পরিবার ইউপি সদস্য ও গ্রাম্য প্রধান নুরুল ইসলাম খাঁর কাছে এক লাখ টাকা জমা জমা দিয়েছেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জনানা, ঘটনাটির বিষয়ে তিনি কিছু জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন।



No comments
hi freinds