আ.লীগের কোন্দলে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
আ.লীগের কোন্দলে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয় বলে জানান হাটিকুমড়ুল এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক হাফিজ রহমান মিলন।
বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন শিমুল।
ভিপি রহিম বলেন, “মেয়র মিরুর ছোট ভাই পিন্টু আমার শ্যালক বিজয় মাহমুদের ওপর হামলা করে কালিবাড়ি এলাকায়। তারা তার হাত-পা ভেঙ্গে দেয়।”
বিজয় মাহমুদ শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি।
এ বিষয়ে পৌর মেয়র হালিমুল হক মিরু বলেন, “পিন্টু ও বিজয়ের মধ্যে মারামারির কিছুক্ষণ পর ভিপির লোকজন লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।
“এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমিও বাড়ির ভেতর থেকে এক রাউন্ড ফাঁকা গুলি করেছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাংবাদিকরা জানান, ছাত্রলীগ নেতা বিজয়কে মারধরের খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও তার মহল্লার বাসিন্দারা লাঠিসোটা নিয়ে মনিরামপুর এলাকায় মেয়র মিরুর বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়রের সমর্থকরাও তাদের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ঘটনাস্থলে শিমুলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে জানান তারা।
শাহজাদপুর থানার ওসি রেজাউল বলেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার নিউরো সার্জন সুশান্ত কুমার বলেন, গুলিবিদ্ধ সাংবাদিকের মাথার ভেতরে রক্তক্ষরণ হয়ে ব্রেনে আঘাত লেগেছিল।
“অচেতন অবস্থায় আইসিইউতে রাখার পর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়।”
পথে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি হয়। সাখাওয়াত মেমোরিয়ালের চিকিৎসক হাফিজ বলেন, হাসপাতালে আনা হলে তাকে মৃত পাওয়া যায়।
দুই ছেলেমেয়ে বাবা শিমুলের বাড়ি শাহজাদপুর পৌরশহরের মাতলা গ্রামে।



No comments
hi freinds